বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

সীমান্তে উত্তেজনা, ভারসাম্যহীন ব্যক্তিকে ফেরত পাঠাল বিজিবি

রাকিব ইসলাম | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৭:২৪

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তৎপরতা দেখিয়ে তা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

ঘটনাটি ঘটে বুধবার সকালে উপজেলার বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়। স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় বিএসএফ একজন অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।

এ সময় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির আওতাধীন বুড়িমারী বিওপি ক্যাম্পের টহল দল বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। পরে ওই ব্যক্তিকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয় বলে জানা গেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে বিএসএফের সঙ্গে কমান্ডার পর্যায়ে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা বিজিবির দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, সময়োচিত পদক্ষেপের কারণে সীমান্তে সম্ভাব্য উত্তেজনা এড়ানো সম্ভব হয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, সীমান্তে বিএসএফের পক্ষ থেকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুশ ইনের চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে তা প্রতিহত করে এবং তাকে ফেরত পাঠানো হয়।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top