ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ, ছাত্রদল নেতা টেঁটাবিদ্ধ
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ০৯:২৭
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় কৃষকদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, তার বাবা মতিউর রহমান ও রুহুল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রহমত উল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। পোস্টে তিনি অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক কারবারিদের কাছ থেকে সুবিধা নিয়ে গোপনে এসব কর্মকাণ্ডে জড়িত।
ওই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যা ও রাতে দুই দফায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এতে টেঁটাবিদ্ধসহ গুরুতর আহত হন রহমত উল্লাহ, রুহুল মিয়া ও মতিউর রহমান।
আহত রহমত উল্লাহর অভিযোগ, মাদকের বিরুদ্ধে পোস্ট দেওয়ার পর প্রথমে সন্ধ্যায় তাকে মারধর করা হয়। পরে রাত ৯টার দিকে একদল লোক তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে, তার বাবা ও বড় ভাইকে মারধরের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করা হয় বলেও দাবি করেন তিনি।
গুরুতর আহত অবস্থায় রহমত উল্লাহ ও তার বাবা মতিউর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- কৃষকদল নেতা ফরহাদ মিয়া, জাহাঙ্গীর মিয়া ও আলমগীর।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন বলেন, বাখরনগর গ্রামের ঘটনায় একজন টেঁটাবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।