নোবেল ও পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৩
আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল এবার প্রেমের অভিনয় করে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে আইনি সমস্যায় পড়েছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ সোমবার (৩ ফেব্রুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এই আদেশ দেন। মামলার বাদী আনানিয়া শবনম রোজ অভিযোগ করেছেন, গায়ক নোবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখান। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে নোবেল তার কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করে, পরবর্তীতে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানিয়েছেন, নোবেলের পরিবারের সদস্যরাও এই প্রক্রিয়ায় তাকে সহযোগিতা করেছেন। আদালত যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তারা হলেন—গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।
মামলাটি ২০২৫ সালের ১৩ আগস্ট আদালতে দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পর গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন, যা বাদীর অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। মামলার ধার্য দিনে বাদীপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা চাইলে আদালত তা মঞ্জুর করেন।
নোবেলের এক সহকারী প্রথমে পুরো ঘটনাটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। পরে যোগাযোগের চেষ্টা করা হলে জানানো হয়, নোবেল রিহার্সেলে ব্যস্ত এবং কথা বলতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
উল্লেখ্য, এর আগে নারীঘটিত কেলেঙ্কারিতে নোবেল জেল খেটেছেন। ‘ধর্ষণ ও মারধর’-এর অভিযোগে ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার হওয়া নোবেল পরে কারাগারে বসেই ওই মামলার বাদীকে বিয়ে করেন এবং ২৪ জুন জামিন পান। নতুন এই অর্থ আত্মসাতের মামলায় নোবেল ও তার পরিবার বড়সড় আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।