আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
সাদিয়া ইসলাম মৌ’র নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২
জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ তুলেছেন। এসব ভুয়া আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করার ঘটনাও ঘটছে বলে দাবি করেছেন তিনি। এ নিয়ে চরম বিরক্তি, বিব্রতবোধ ও ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা।
সাদিয়া ইসলাম মৌ স্পষ্ট করে জানিয়েছেন, ফেসবুকে তার একটি মাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। এছাড়া ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
এ বিষয়ে মৌ বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি—এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া—এসব আইনত অপরাধ।”
তিনি আরও জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন—অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তাই হবে।”
নব্বইয়ের দশক থেকে দেশের বিনোদন অঙ্গনে সক্রিয় সাদিয়া ইসলাম মৌ সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনামূলকভাবে কম উপস্থিত থাকলেও তার নাম ও ছবি ব্যবহার করে অনলাইনে ভুয়া তৎপরতা চলায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এসব কার্যক্রম দ্রুত বন্ধ না হলে আইনগতভাবে আরও কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন এই জনপ্রিয় শিল্পী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।