আবারও বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০৯
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বার বাবা হয়েছেন। তার স্ত্রী নাফিসা একটি সুন্দর ও সুস্থ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পলাশ ও তার পরিবারে খুশির জোয়ার বইছে।
এ প্রসঙ্গে পলাশ বলেন, "বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা এবং সন্তান দুজনেই ভালো আছেন। আমরা এখনো হাসপাতালে আছি। সবাইকে দোয়া চাই—আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।"
পলাশের অভিনয় ক্যারিয়ার তুঙ্গে ওঠে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটির মাধ্যমে তিনি দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন।
ব্যক্তিগত জীবনে, পলাশ ২০২২ সালে তার ভালোবাসার মানুষ নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন। পরের বছর, ২০২৩ সালে, তাদের প্রথম সন্তান মোহাইমিনুল হক আহানের জন্ম হয়। এবার তাদের সংসারে যুক্ত হলো নতুন সুখ, কন্যাসন্তানের আগমনে সংসার আরও পূর্ণতা পেল।
জিয়াউল হক পলাশের ক্যারিয়ারের শুরু ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজ করে। এরপর তিনি খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।
পরবর্তীতে তিনি অভিনয়ে মনোযোগী হন এবং ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার ক্যারিয়ার নতুন এক দিগন্তে পৌঁছায়। বর্তমানে নিয়মিত অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও ব্যস্ত রয়েছেন এই প্রতিভাবান অভিনেতা ও নির্মাতা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।