শাকিব খানের ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক প্রকাশ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৮
সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র ও বড় বাজেটের প্রজেক্টের প্রচারণায় ‘মোশন ফার্স্ট লুক’ দর্শক আকর্ষণের একটি জনপ্রিয় কৌশল হয়ে উঠেছে। সিনেমার গল্পের ধরন, চরিত্রের আবহ ও ভিজ্যুয়াল টোন ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরতেই মূলত এই অ্যানিমেটেড বা সচল পোস্টার প্রকাশ করা হয়। গত কয়েক বছর ধরে ঢালিউডের ঈদের সিনেমাগুলোতেও এই প্রবণতা নিয়মিত দেখা যাচ্ছে। শাকিব খান, সিয়াম আহমেদ ও আরিফিন শুভ অভিনীত একাধিক সিনেমায় এর সফল ব্যবহার লক্ষ করা গেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক। ১৬ সেকেন্ডের এই মোশন পোস্টারে শাকিব খানকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। মুখভর্তি দাঁড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস এবং কালো গাউন পরিহিত অবস্থায় হাতে ইউনিক ডিজাইনের একটি বড় মিউজিক্যাল মেশিনগান—এই লুক সিনেমাটির চরিত্র ও গল্পের ধরন সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়।
মোশন লুকটি প্রকাশের সময় ক্যাপশনে লেখা হয়, “সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।” প্রকাশের পরপরই লুকটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় আলোচনা-সমালোচনা।
শাকিব খানের ভক্তদের একটি বড় অংশ লুকটির প্রশংসা করলেও, সিনেমা বিশ্লেষকদের একাংশ মনে করছেন—মাত্র ১৬ সেকেন্ডের এই মোশন লুকে কাঙ্ক্ষিত কারিশমা পুরোপুরি ফুটে ওঠেনি। তাদের মতে, শাকিব খানের এক্সপ্রেশনে কিছুটা ঘাটতি ছিল। পাশাপাশি কেউ কেউ ভিজ্যুয়ালটিকে অতিরিক্ত এআই-নির্ভর বলেও মন্তব্য করছেন।
এর আগে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এর মোশন ফার্স্ট লুক দর্শকমহলে তুলনামূলকভাবে বেশি আলোচনার জন্ম দিয়েছিল। সে কারণে অনেকের প্রত্যাশা ছিল, ‘প্রিন্স’ সেই লুকগুলোকে ছাড়িয়ে যাবে। তবে প্রত্যাশার সেই উচ্চতা ছুঁতে পরিচালক আবু হায়াত মাহমুদের সিনেমাটি কিছুটা পিছিয়ে পড়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ সিনেমাটির একটি অংশের শুটিং ইতোমধ্যে শ্রীলঙ্কায় সম্পন্ন হয়েছে। শিগগিরই বাকি অংশের কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক।
‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’—ট্যাগলাইনের এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু ও সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।