শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ খোলাসা করলেন পরী মনি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৩
ঢাকাই সিনেমার আলোচিত জুটি পরী মনি ও শরিফুল রাজ। বিবাহ বিচ্ছেদের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে আলোচনা থামেনি। অবশেষে এই দীর্ঘদিনের কৌতূহলের পর্দা সরালেন পরী মনি।
সম্প্রতি এক টেলিভিশনের পডকাস্টে পরী মনি জানান, তাদের বিচ্ছেদ তৃতীয় কোনো পক্ষের কারণে নয়, বরং “বোঝাপড়ার পার্থক্যের কারণে” সংসার শেষ হয়েছে। সংসার টিকিয়ে রাখার চেষ্টা রাজের ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “চেষ্টা যে করতে হয়, এটাই তো সে জানে না। বা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।”
পরী মনি আরও বলেন, বিনোদন জগতে ছড়ানো একটি ভুল খবর সত্য নয়। খবর অনুযায়ী, রাজ তার সন্তানের দায়িত্ব নিতে পারছেন না—এটি সম্পূর্ণ ভুল। তিনি চান রাজ নিজের উপর বিশ্বাস রাখুক এবং সন্তানের দায়িত্ব নিজে উপলব্ধি করুক।
উল্লেখ্য, পরী মনি বড়পর্দায় পথচলা শুরু করেন ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে। চলচ্চিত্রের আগে তিনি নাটকেও অভিনয় করেছেন। চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছে তার ‘ফেলুবক্সী’। এছাড়া ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
পরী মনি ও রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট তাদের পুত্র সন্তানের জন্ম হয়। তবে রাজের ফেসবুক আইডি থেকে কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশের পর সংসারে সমস্যা দেখা দেয়। শেষমেশ ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।