এক বছরে তিশার সম্পদ বেড়েছে দেড় কোটির বেশি, কমেছে ফারুকীর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৫
প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাঁদের স্ত্রী/স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখভিত্তিক সম্পদের হিসাব প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট পরিসম্পদ এক বছরে কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তাঁর সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।
অন্যদিকে তাঁর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ একই সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট পরিসম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকা। সে হিসাবে এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত নীতিমালা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্ত্রী বা স্বামীর সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় আরও দেখা যায়, নির্ধারিত সময়ে অধিকাংশ উপদেষ্টার সম্পদের পরিমাণ বেড়েছে। তবে মোস্তফা সরয়ার ফারুকী ছাড়াও আরও দুই উপদেষ্টার সম্পদ কমেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।
উল্লেখ্য, জুলাই ২০২৪–জুন ২০২৫ অর্থবছরের এই হিসাব প্রকাশের সময় অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর উপদেষ্টা পরিষদ দায়িত্ব হস্তান্তর করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।