জয়া আহসান খোলামেলা সাক্ষাৎকারে দুই বাংলার সিনেমা ও ব্যক্তিজীবন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০২

সংগৃহীত

৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ-এ মুক্তি পেয়েছে ওসিডি, সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান এবং পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। ছবির প্রচারণা উপলক্ষে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে জয়া তার সিনেমা ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

 

দুই বাংলার চলচ্চিত্র নিয়ে আশাবাদী কি না—এমন প্রশ্নে জয়া বলেন, তিনি উভয় ইন্ডাস্ট্রিকে নিয়েই আশাবাদী। তার ভাষ্য, এখানে ‘ওসিডি’র মতো ছবি মুক্তি পাচ্ছে এবং দর্শক তা দেখছেন—এটাই ইতিবাচক ইঙ্গিত। এর আগে তিনি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’র মতো ভিন্ন মাত্রিক কাজ করেছেন। প্রতিটি ছবিই আলাদা ঘরানার—কখনো পারিবারিক, কখনো ক্ল্যাসিক ধারার, আবার কখনো শক্তিশালী সামাজিক বার্তাভিত্তিক।

 

জয়া আরও বলেন, একজন শিল্পী হিসেবে এমন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের। ‘ওসিডি’ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ছবিটিতে অভিনয় দেখানোর যথেষ্ট সুযোগ ছিল, তবে নিজের কাজের মূল্যায়ন দর্শকের ওপরই ছেড়ে দিতে চান।

গত বছরে মুক্তি পাওয়া তার বাংলাদেশি দুটি সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’-এর সাফল্যেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। নানা চ্যালেঞ্জের মধ্যেও ছবি দুটি ব্লকবাস্টার হয়েছে। তিনি জানান, সামনে আরও কয়েকটি নতুন কাজ আসছে, যার মধ্যে ‘রইদ’ নামের ছবির ট্রেলার ইতোমধ্যে দর্শক দেখেছেন এবং সেটিও ভালো সাড়া ফেলবে বলে তার বিশ্বাস।

দুই বাংলার ছবির পারস্পরিক মুক্তি না পাওয়ার বিষয়েও জয়া আক্ষেপ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে এই সীমাবদ্ধতা কাটিয়ে দুই অঞ্চলের দর্শক একে অপরের কাজ সহজে উপভোগ করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত পরিসর নয়; বরং জয়া আহসান নামের একটি ইমেজের আনুষ্ঠানিক উপস্থাপনা। তবে মাঝে মাঝে ব্যক্তিগত কিছু মুহূর্তও শেয়ার করেন।

সাক্ষাৎকারের শেষাংশে ‘র‍্যাপিড ফায়ার’ পর্বে ১০টি প্রশ্নের উত্তর দেন জয়া। বয়স বাড়ার সঙ্গে তিনি আরও সাহসী ও অ্যাডভেঞ্চারপ্রিয় হয়ে উঠছেন এবং হাসি মুখে জানান, ধীরে ধীরে তার বাবার মতো দেখতে হয়ে যাচ্ছেন। কোনো কাজ করা থেকে নিজেকে সরাসরি ‘না’ বলার বিষয় নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top