তারেক রহমান এককভাবে চূড়ান্ত করছেন বিএনপির মন্ত্রিসভার তালিকা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর সম্প্রতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সম্ভাব্য নাম নিয়ে নানা তালিকা সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে। তবে এসব তথ্য বিএনপির সূত্রে ধারণানির্ভর বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তারেক রহমান এককভাবে চূড়ান্ত করছেন। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গে কোনো আলোচনা হয়নি, কেবল দু-একজন সিনিয়র নেতার সঙ্গে সংক্ষিপ্ত পরামর্শ হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচন কমিশনের ফলাফলে দলটি ২০৯টি আসন পেয়েছে। দুটি আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে এবং একটিতে নির্বাচন হয়নি। এ ফলাফলের পর দীর্ঘ দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে নতুন সরকার গঠন করতে যাচ্ছে।
বিএনপির নির্বাচিত এমপিদের মধ্যে অধিকাংশই মন্ত্রী হওয়ার জন্য আগ্রহী। অনেকে নিজেদের যোগ্য মনে করছেন এবং বিভিন্ন মাধ্যমে লবিং-তদবিরে ব্যস্ত, তবে সরাসরি তালিকা চূড়ান্তকারীর সঙ্গে যোগাযোগ করছেন না। দলের সিনিয়র নেতাদের মতে, তালিকাটি পার্টির গুরুত্বপূর্ণ ‘সিক্রেট ফাইল’, যা সাধারণের জন্য জানা সম্ভব নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মন্ত্রিসভায় কারা আসছেন তা আমার জানা নেই। আমাকে এখনো ফোন দেওয়া হয়নি। সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচলিত তালিকা অনুমাননির্ভর।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।