দেশ ছাড়লেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
নিজামউদ্দিন চৌধুরীর বক্তব্যে বলা হয়েছে, “বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।”
বোর্ডের একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকরা এক হোয়াটসঅ্যাপ গ্রুপে রমজানের শুভেচ্ছা পেয়েছেন। সেখানে বুলবুল লিখেছেন, “জরুরি পারিবারিক প্রয়োজনে আমি দেশের বাইরে যাচ্ছি, দ্রুতই ফিরে আসব।”
বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের ছিটকে যাওয়ার পর থেকেই বিসিবিতে অস্থিরতা বিরাজ করছে। বোর্ড পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে।
এদিকে বিসিবি’র প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের সঙ্গে আলাপে আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে। তিনি বলেন, “নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আশা করি সব কিছু নিয়মের মধ্যে ফিরবে। ক্লাবগুলোর সঙ্গে বিসিবি’র যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।”
বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে অনেক ক্লাব ঘরোয়া লিগে অংশ নিতে অনীহা প্রকাশ করে আসছিল। এই ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্ব সম্পর্কে নান্নু জানান, “ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা চলবে না। আমাদের কাছে ক্রিকেটই সবার আগে। সব কিছুর উপরে বাংলাদেশ—এই নীতি মেনে আমাদের এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস নেই। আমরা চাই সবার জন্য একটি সুন্দর সমাধান আসুক।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।