বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

আধুনিক ভারতের নারীরাও এখনো বৈষম্যের শৃঙ্খলে পিষ্ট:অভিনেত্রী নীনা গুপ্তা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৭

সংগৃহীত

বলিউডের বরেণ্য অভিনেত্রী নীনা গুপ্তা সম্প্রতি বলেছেন, সমাজে নারীদের অধিকার ও স্বাধীনতার অনেক কথা বলা হলেও বাস্তবে তা এখনও সম্পূর্ণ প্রযোজ্য নয়। বিয়ের পর শ্বশুরবাড়ির চাপের কারণে নারীরা প্রায়ই তাদের ব্যক্তিগত ইচ্ছেটুকুও পূরণ করতে পারেন না। নীনা গুপ্তা মন্তব্য করেন, এখনও অনেক পুরুষ স্ত্রী হিসেবে ‘কুমারী কনে’ চান।

ভারতীয় সমাজের এই রূঢ় বাস্তবতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “ভারতীয় সমাজে এখনো ‘কুমারী কনে’ পাওয়া অনেক পুরুষের কাছে বড় বিষয়। পুরুষরা স্ত্রী হিসেবে কুমারী কনেই চায়।” সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “এখন কী বদলেছে? আপনি কি ভারতের কথা বলছেন? আমাদের দেশে অনেক কিছুই বদলায়নি।”

নিজের বক্তব্যে নীনা গুপ্তা সমাজের তথাকথিত আধুনিকতার সমালোচনাও করেন। তিনি উল্লেখ করেন, “এখনো নারীরা মাথায় আঁচল দিয়ে শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করে। আপনি আর আমি সংখ্যালঘু, আমরা আসল ভারতীয় নই। আমরা যারা ভালো পোশাক পরি, সুন্দর করে কথা বলি—তারাই পুরো ভারত নয়।”

নিজের পারিবারিক উদাহরণ টেনে নীনা জানান, তার এক আত্মীয়ের মেয়ে মুম্বাইয়ে শ্বশুরবাড়িতে নিজের পছন্দের ছবি রাখতে পারেননি শাশুড়ির আপত্তিতে। ভাতিজিকে শাশুড়ি বাধ্য করেছিলেন নিজের পরিবারের ছবি বিছানার পাশে রাখার পরিবর্তে শাশুড়ির ছবি রাখতে। তিনি বলেন, “দেশে নারীদের অবস্থার পরিবর্তন আনতে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।”

নীনা গুপ্তা ১৯৮২ সালে ‘সাথ সাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বড় পর্দা এবং টেলিভিশনে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে বরাবরই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। আশির দশকে ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডস-এর সঙ্গে প্রেম এবং ১৯৮৯ সালে বিয়ে না করেই মেয়েকে জন্ম দেওয়ার পর আলোচনায় ছিলেন। একা হাতে মেয়েকে বড় করার পর ২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরা-কে বিয়ে করেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top