চিত্রনায়িকা রুবিনা নিঝুম ও স্বামী রাহূলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৫
চিত্রনায়িকা রুবিনা আক্তার ও তার স্বামী মামুনুর রশীদ রাহূলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে ফয়সাল জানান, আদালতে হাজির হওয়ার জন্য নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।
মামলাটি ২৯ জানুয়ারি সুরভী বেগম দায়ের করেন। আদালত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আসামিদের হাজির থাকার সমন জারি করেছিলেন। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে—রাহুলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবি।
বাদীর অভিযোগে বলা হয়, রুবিনা নিঝুম ও রাহুলের সঙ্গে সুরভীর পূর্বপরিচয় এবং ‘আস্থার’ সম্পর্কের ভিত্তিতে ২০২০ সালের ১ অক্টোবর তিনি নিঝুম ও রাহুলের কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা ধার দেন। ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় টাকা পরিশোধ করা হয়। চুক্তিতে উল্লেখ ছিল, দুই মাসের মধ্যে টাকা ফেরত না দিলে বা রাহুল মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবেন।
বাদীর অভিযোগ, গুরুতর অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ায় ২০২৫ সালের ১ মে তিনি টাকা ফেরত চাইলেও নিঝুম ও রাহুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর সুরভী রুবিনা ও রাহুলের বনশ্রীর বাসায় গিয়ে টাকা ফেরত চাইলে তারা উল্টো ‘প্রাণে মেরে ফেলার’ হুমকি দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।