শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১০:১৮

ছবি: সংগৃহীত

সংস্কৃতি অঙ্গনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০২৬ পাচ্ছেন নন্দিত নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই ঘোষণায় সংস্কৃতি অঙ্গনে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। কারণ, অনেক সময় রাষ্ট্রীয় এ সম্মাননা নিয়ে নানা ধরনের বিতর্ক দেখা দিলেও এবার অধিকাংশের কাছেই সিদ্ধান্তটি ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে।

এদিকে এমন সম্মাননায় কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন হানিফ সংকেত। তিনি জানিয়েছেন, এই অর্জন কেবল তার ব্যক্তিগত নয়; বরং দর্শকদের ভালোবাসা ও সহায়তার ফল।

পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ফেইসবুকে এক পোস্টে হানিফ সংকেত লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’ এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়- যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার।”

এই অর্জন দর্শকদের উৎসর্গ করছেন জানিয়ে তিনি লিখেছেন, “আজকের এই আনন্দের দিনে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।

“অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top