সমালোচনা নয়, হেনস্তার শিকার অর্জুন- মুখ খুললেন জাহ্নবী কাপুর
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১২:৩৭
দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে নিজের ভেতরের লড়াইয়ের কথা তুলে ধরেছেন তিনি। ব্যক্তিজীবন থেকে পেশাগত জীবন— সবকিছু নিয়েই নেট দুনিয়ায় নিয়মিত কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। বিশেষ করে মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এবার ভাইয়ের সেই কঠিন সময় নিয়ে কথা বললেন বোন জাহ্নবী কাপুর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারকাদের নাম ব্যবহার করে অনেকেই সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেন। তার ভাষ্য, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসার প্রবণতা বেড়েছে। কেউ যখন কোনো তারকার নাম জড়িয়ে বিতর্ক তৈরি করেন, তখন বুঝতে হবে তিনি আসলে সেই নামকে পুঁজি করে নিজের প্রচার চান।
জাহ্নবী বলেন, অনেকেই ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করে পরিচিতি বাড়াতে চান। এসব বিষয়কে ব্যক্তিগতভাবে নিলে কষ্ট আরও বাড়ে। কেউ ভিডিও বানাল বা কটাক্ষ করল— তা মনে গেঁথে রাখলে মানসিক চাপ বাড়ে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দিনশেষে সবাই নিজের কাজ ও দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকে, তাই এমন বিষয়কে গভীরভাবে নেওয়া উচিত নয়।
তবে অর্জুনের ক্ষেত্রে পরিস্থিতি যে সীমা ছাড়িয়েছে, সেটিও স্বীকার করেছেন জাহ্নবী। তিনি বলেন, যখন সমালোচনা আর গঠনমূলক থাকে না, বরং সরাসরি হেনস্তায় রূপ নেয়, তখন তা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে।
জাহ্নবীর কথায়, তার ভাইয়ের সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছে। এর পেছনে যৌক্তিক কোনো কারণ নেই বলেও দাবি করেন তিনি। তাই নেতিবাচক মানসিকতা থেকে নিজেকে দূরে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে মনে করেন এই অভিনেত্রী।
অর্জুনের প্রতিকূল সময়ে বোনের এমন খোলামেলা সমর্থন ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। অনেকের মতে, অনলাইন হেনস্তা একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যে কতটা প্রভাব ফেলতে পারে, তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অর্জুন কাপুর।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।