অর্থকষ্টে দিশেহারা অভিনেতা শামীম, তবুও পেশা বদলের সাহস পাচ্ছেন না
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১০:৪১
বহু বছর ধরে নাটক ও চলচ্চিত্রে ছোট ছোট কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন পরিচিত মুখ শামীম হোসেন। কিন্তু আজ সেই শিল্পীই কাজের অভাবে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের সংকটের কথা তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকার রেললাইনের পাশে বসে নিজের জীবনের কঠিন বাস্তবতার কথা জানান শামীম হোসেন। তিনি বলেন, অন্য কোনো পেশায় যেতে চাইলেও সেটিও সম্ভব হচ্ছে না।
তার ভাষায়, অভিনয়ের বাইরে অন্য কাজ করার মতো পরিস্থিতি কিংবা সুযোগ তার নেই। চেহারা ও পরিচয়ের কারণে সাধারণ ব্যবসা বা শ্রমনির্ভর কাজ করাও তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেক সময় না খেয়েও দিন পার করতে হচ্ছে বলে জানান এই অভিনেতা।
শামীম হোসেন বলেন, প্রায় এক বছর ধরে নিয়মিত নাটকে কাজ পাচ্ছেন না। যাদের সঙ্গে আগে কাজ করতেন, তাদের সঙ্গে এখন যোগাযোগ নেই। আবার যাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা নিয়মিত কাজ করেন না। মাঝে কিছু কাজ করলেও গত দুই মাস ধরে সেখান থেকেও কোনো ডাক পাননি তিনি।
তার পরিবারে মোট পাঁচজন সদস্য। তিন ছেলে, স্ত্রী এবং তিনি নিজে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসারের পুরো দায়িত্ব তার ওপরই। শামীম জানান, তার কোনো সঞ্চয় নেই। যা আছে, তা দিয়ে হয়তো কষ্ট করে রোজার মাসটি পার করা যাবে।
সবচেয়ে বেশি কষ্টের কথা বলতে গিয়ে সন্তানদের প্রসঙ্গ টেনে আনেন তিনি। শামীম বলেন, তার সন্তানদের কোনো চাওয়া-পাওয়া নেই। তিনি তাদের আগেই বলে দিয়েছেন, আসন্ন ঈদে হয়তো কিছু দিতে পারবেন না। পরিস্থিতি বুঝে তার সন্তানরাও কোনো দাবি করেনি বলে জানান তিনি।
তবে শামীম হোসেনের সংগ্রামের গল্প আজকের নয়। প্রায় দুই দশকেরও বেশি সময় আগে জীবিকার তাগিদে কুলি হিসেবে কাজ করেছেন, রিকশাও চালিয়েছেন। পরে ১৯৯৭ সালে রাজধানীর বেইলি রোড এলাকায় মহিলা সমিতির কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে চাকরি নেন। সেখান থেকেই অভিনয়ে সুযোগ আসে তার জীবনে।
পরবর্তীতে নাটকে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করে ধীরে ধীরে অসংখ্য নাটক ও দুই ডজনের বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনয় দর্শকদের কাছে বেশ পরিচিতি এনে দেয়।
তবে সেই পরিচিতি আজ তার নিয়মিত আয়ের নিশ্চয়তা হয়ে ওঠেনি। অভিনয়ই তার পরিচয়, আর সেই পরিচয়ের কারণেই অন্য পেশায় যেতে দ্বিধায় ভুগছেন এই শিল্পী।
শামীম হোসেন আশা প্রকাশ করে বলেন, তার এই সংকটের কথা শুনে হয়তো কেউ তাকে আবার কাজে ডাকবেন। সম্প্রতি তার অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কয়েকটি জায়গা থেকে ফোন পেয়েছেন বলেও জানান তিনি। তার বিশ্বাস, শিগগিরই হয়তো এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।