আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১০:৫০
ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবায় সরকার পরিবর্তনের হুমকি আবারও উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে তার প্রশাসনের চলমান সামরিক অভিযান শেষ হওয়ার পর কিউবা বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ শুরু হতে পারে। এ সময় কিউবা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি।
ট্রাম্পের ভাষ্য, কিউবায় যে পরিস্থিতি চলছে তা অত্যন্ত বিস্ময়কর। তিনি বলেন, প্রথমে ইরানের বিষয়টি শেষ করতে চান তারা। এরপর কিউবা নিয়ে পদক্ষেপ নেওয়া হবে, যা কেবল সময়ের অপেক্ষা।
তিনি আরও বলেন, তার প্রশাসন বিভিন্ন উপায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রথম মেয়াদে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে শক্তিশালী ও পুনর্গঠিত করেছেন বলেও দাবি করেন। ট্রাম্পের মতে, তিনি যতটা ব্যবহার করতে চেয়েছিলেন তার চেয়েও বেশি সামরিক শক্তি ব্যবহার করতে হয়েছে, তবে প্রতিবারই এর কার্যকারিতা দেখা গেছে।
উল্লেখ্য, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর মধ্য আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবাকে কড়া বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না এলে কিউবা নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। এমনকি কোনো দেশ কিউবায় তেল রপ্তানি করলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।