ধর্ষণ মামলায় হিরো আলমের জামিন
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৬:০৬
বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া আলোচিত ব্যক্তি আশরাফুল আলম সাঈদের জামিন মঞ্জুর করেছেন আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।
বুধবার নিজের ফেসবুক পাতায় দেওয়া এক বার্তায় হিরো আলম দাবি করেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে রাখার চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি এবং তিনি জামিন পেয়েছেন বলে উল্লেখ করেন।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। পরে ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলা নামের এক তরুণীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। একই সঙ্গে তাকে জোর করে গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী তরুণী গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত শাখা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায়। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে মামলাটি নিয়ে হিরো আলম সংবাদমাধ্যমকে বলেছিলেন, অভিযোগটি ভুয়া। তিনি জানান, নির্বাচনের পর আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন এবং গ্রেফতারি পরোয়ানা থাকলেও ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।