হাইফায় একের পর এক তেলশোধনাগার ও মজুতকেন্দ্রে হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৫:৩২

ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফা লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দুপুর থেকে শহরটির তেলশোধনাগার ও তেল মজুতকেন্দ্রগুলোর দিকে একের পর এক ড্রোন হামলা চালানো হয় বলে জানা গেছে।

ইরানের সামরিক বাহিনীর দাবি, হামলা চালানো হলেও সব ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের বিভিন্ন স্থানে ধারাবাহিক আক্রমণ চালিয়ে আসছে ইরান। একই সঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলে সক্রিয় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ-ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহ ধরে হাইফা শহরকে লক্ষ্য করে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় আবারও শহরটির তেলশোধনাগার ও তেল মজুতকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে গত শনিবার ইসরায়েলি বাহিনী দাবি করে, তারা তেহরানের কয়েকটি তেল মজুতকেন্দ্রে হামলা চালিয়েছে। পরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও তাদের তেল মজুত স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করে।

সংবাদ সংস্থার খবরে বলা হয়, চলমান সংঘাতের মধ্যে কোনো অসামরিক শিল্প স্থাপনায় এটিই ছিল প্রথম বড় হামলার ঘটনা। এর পরপরই ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি দেয় ইরান। ইসরায়েলের বিভিন্ন তেলশোধনকেন্দ্রে হামলা চালানো হবে বলেও সতর্ক করে ইরানের সামরিক বাহিনী।

এর আগে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময়ও হাইফা শহরকে লক্ষ্যবস্তু করেছিল ইরান। সে সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে আগুন ধরে যায়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top