সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৬:১৯
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারদলীয় সব সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সদস্যরা অংশ নিয়েছেন। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে সংসদ সদস্যদের সম্পৃক্ততা কীভাবে আরও বাড়ানো যায়- এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
এ ছাড়া চলমান সংসদ অধিবেশনে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিল পাস, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সংসদে বিরোধী দলের উত্থাপিত গঠনমূলক প্রস্তাব ও সমালোচনার বিষয়ে দলীয় কৌশল নির্ধারণ নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে সরকারদলীয় প্রধান হুইপসহ অন্যান্য হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।