যৌন হেনস্তার অভিযোগে দক্ষিণী চলচ্চিত্রের পরিচালক গ্রেপ্তার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:৩৩
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। অভিযোগ করেছেন এক তরুণী অভিনেত্রী, যিনি দাবি করেন, একটি সিনেমার শুটিং চলাকালীন পরিচালক তাকে কথা বলার বাহানায় একটি ক্যারাভ্যানে ডেকে নিয়ে শারীরিক হেনস্তার চেষ্টা করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর কোচি পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর, ইডুক্কি জেলার থোডুপুঝা এলাকায় গোপন অভিযানের মাধ্যমে রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি এর্নাকুলাম সাব জেলে রয়েছেন।
রঞ্জিতের বিরুদ্ধে ইতোমধ্যেই সুনির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে, এবং গ্রেপ্তারের পর স্থানীয় আদালত তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঘটনার পর মালয়ালম চলচ্চিত্র জগতে ক্ষোভ ও আলোচনার ঝড় উঠেছে। নেটিজেন ও মানবাধিকার কর্মীরা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও যৌন হেনস্তা প্রতিরোধের বিষয়টি পুনরায় সামনে তুলেছেন।
রঞ্জিত নিজে কোনো মন্তব্য করেননি, তবে তার আইনজীবী অভিযোগটি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ দাবি করে বলেছেন, তারা আইনি পথে লড়াই চালাবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।