জার্মানির ব্রেমেনে সম্মান পেল আদনান আল রাজীবের ‘আলী’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১
জার্মানির মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেনে ডাইভার্সিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। বৈচিত্র্য, ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক বাস্তবতাভিত্তিক গল্পকে স্বীকৃতি দিতে এই বিভাগে ছবিটিকে সম্মাননা দেওয়া হয়।
গত ১৯ এপ্রিল ব্রেমেন শহরে অনুষ্ঠিত উৎসবের ২০২৬ আসরের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণীতে প্রতিযোগিতা বিভাগে এ পুরস্কার ঘোষণা করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরস্কার গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে আবেগ প্রকাশ করেন নির্মাতা আদনান আল রাজীব।
তিনি বলেন, যে কোনো স্বীকৃতি কাজের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। এই অর্জন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যাদের কথা অনেক সময় শোনা যায় না। তিনি এই সাফল্য নিজের টিম এবং দেশের প্রতি উৎসর্গ করেন।
ফিল্মফেস্ট ব্রেমেন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে বিশ্বের নানা দেশের নির্মাতারা অংশ নেন। উৎসবটি বিশেষভাবে বৈচিত্র্য, নতুন ভাবনা এবং সামাজিক বাস্তবতাভিত্তিক চলচ্চিত্রকে উৎসাহ দিয়ে থাকে।
এর আগে ‘আলী’ ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে স্পেশাল মেনশন অর্জন করে, যা বাংলাদেশের জন্য বড় আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
চলচ্চিত্রে আল-আমিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায় উপকূল অঞ্চলের এক কিশোর আলী, যে কঠোর সামাজিক প্রথার মধ্যে বড় হয়। যেখানে নারীদের গান গাওয়া অপমান হিসেবে ধরা হয়, সেখানে আলী নিজেই একটি গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়—এটাই চলচ্চিত্রের মূল গল্প।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।