মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ডিএমপির অভিযান, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভিন্ন চকলেট, চানাচুর ও বিস্কুটের প্যাকেটে করে ইয়াবা পাচার করা হতো, যাতে সহজে শনাক্ত করা না যায়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, এলাকায় প্রায় ১০ হাজার অপরাধী এসব কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।
এক কর্মকর্তা বলেন, গত এক বছরে প্রায় ৮ থেকে ৯ হাজার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যার একটি বড় অংশ জেনেভা ক্যাম্প সংশ্লিষ্ট। রমজান মাসেই এখান থেকে ১৪০০-এর বেশি আসামি গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।
তিনি আরও দাবি করেন, ধারাবাহিক অভিযানের ফলে আগের তুলনায় মামলার সংখ্যা কমেছে। প্রায় ১৫ মাসে এক হাজারেরও বেশি মামলা কমানো সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।