বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

২৭ বছর পর ‘নিখোঁজ’ আমির হোসেন দেশে ফিরেছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৪২

সংগৃহীত

প্রায় তিন দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া গিয়েছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার। কিন্তু সেখানে যাওয়ার মাত্র তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। দীর্ঘ ২৭ বছর তার কোনো খোঁজ না পেয়ে পরিবার প্রায় নিশ্চিত হয়েছিলেন যে তিনি আর বেঁচে নেই।

অবশেষে সেই ধারণা ভুল প্রমাণ করে দীর্ঘ অপেক্ষার পর দেশে ফিরছেন আমির হোসেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মালয়েশিয়া থেকে বাতিক এয়ারের ওডি১৬২ ফ্লাইটে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের অনসাইট ম্যানেজার মো. আল-আমিন নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশির উদ্যোগে সম্প্রতি তার সন্ধান পাওয়া যায়। দীর্ঘদিন ধরে তিনি দেশটির একটি জঙ্গলে মানবেতর জীবনযাপন করছিলেন বলে জানা যায়। পরে প্রবাসী বাংলাদেশিরা তাকে উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্তে সহায়তা করেন।

এ ঘটনায় প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস ও পেনাংয়ের প্রবাসী দিপুর উদ্যোগে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত সাড়া ফেলে। এরপর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করতে সক্ষম হন।

পরবর্তীতে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে।

ব্র্যাক কর্মকর্তা আল-আমিন নয়ন জানান, দেশে যাওয়ার পর প্রথম তিন বছর পরিবার তার সঙ্গে যোগাযোগ রাখলেও এরপর ২৭ বছর ধরে কোনো খোঁজ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে পরিবার তাকে মৃত বলেই ধরে নিয়েছিল।

দীর্ঘদিন পর তার এই প্রত্যাবর্তন শুধু একটি পরিবারের পুনর্মিলন নয়, বরং প্রবাস জীবনের অনিশ্চয়তা ও মানবিক সংকটের এক হৃদয়বিদারক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top