বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত প্রভা: ‘এভাবে মানুষকে কষ্ট দেবেন না’

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৩:৩৬

ছবি: সংগৃহীত

ভক্তদের করা ব্যক্তিগত প্রশ্নে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন মানুষের মনে অস্বস্তি ও কষ্ট তৈরি করে।

একটি ভিডিও বার্তায় প্রভা জানান, ভক্তরা যদি তার কাজের প্রশংসা করেন, সেটি অবশ্যই আনন্দের বিষয়। কিন্তু হঠাৎ করে বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, কোথাও দেখা হলে সম্মানজনক আচরণ প্রত্যাশিত, অপ্রাসঙ্গিক প্রশ্ন নয়।

বর্তমানে প্রবাসে অবস্থান করা এই অভিনেত্রী বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে—এই তিনটি বিষয় সৃষ্টিকর্তার হাতে নির্ধারিত। মানুষের চাওয়ায় সবকিছু হয় না, আবার না চাইলেও অনেক কিছু ঘটে যায়। তাই এসব বিষয়ে অযথা প্রশ্ন তোলা ঠিক নয়।

নিজের সংগ্রামের কথা উল্লেখ করে প্রভা বলেন, তার জীবনের বাস্তবতা ও কষ্ট সম্পর্কে একমাত্র আল্লাহই অবগত। অন্য কারও কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না। তার মতে, মানুষের সঙ্গে নয়, সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ঠিক থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রভা আরও বলেন, বাইরে থেকে কারও জীবনযাপন যেভাবেই দেখা যাক না কেন, দিনশেষে প্রায় প্রতিটি নারীই একটি সুন্দর সংসার চায়। আধুনিক বা ক্যারিয়ার সচেতন নারীও নিজের মতো করে পরিবার গড়ার স্বপ্ন দেখেন। এমনকি যারা ভাঙা সম্পর্ক বা কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন, তাদের মনেও রয়েছে না বলা কষ্ট।

শেষে ভক্তদের উদ্দেশে তার প্রশ্ন—“এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?” তার মতে, সন্তানসহ জীবনের অনেক কিছুই সৃষ্টিকর্তার দান, তাই এসব বিষয়ে অযথা কৌতূহল না দেখিয়ে সংবেদনশীল হওয়াই উচিত।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top