বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

সাভারের সিরিয়াল কিলার ‘সাইকো সম্রাট’ কারাগারে মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:৪৯

সংগৃহীত

সাভারের আলোচিত সিরিয়াল কিলার ‘সাইকো সম্রাট’ নামে পরিচিত মশিউর রহমান খান সম্রাটের মৃত্যুর মধ্য দিয়ে একটি বহুল আলোচিত অপরাধ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করে। পরে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন।

সম্রাটের বিরুদ্ধে একাধিক নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ ছিল, যা সাভারসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে চলতি বছরের জানুয়ারিতে, যখন ওই ভবন থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের তথ্যমতে, ‘সাইকো সম্রাট’ নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম ছিল সবুজ শেখ। তার বিরুদ্ধে মোট সাতটি হত্যা মামলা ও দুটি মাদক মামলা বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতে করতে তিনি অপরাধে জড়িয়ে পড়েন বলে ধারণা করা হয়।

বিশেষ করে তানিয়া আক্তারসহ কয়েকজন ভুক্তভোগীর হত্যাকাণ্ড ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে একপর্যায়ে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্রাটের মৃত্যুর পর পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। তবে এসব ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও তদন্ত ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তির অনুভূতি ফিরে এলেও, দীর্ঘদিনের আতঙ্ক আর ভয়াবহ স্মৃতিগুলো এখনও সাভারের মানুষের মনে রয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top