আমিনুল হকের মামলা
ঢাকা–১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১২:৩২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা–১৬ আসনের ব্যালট পত্র, ফলাফলপত্র ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীকে নোটিশ জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন আদালত।
নির্বাচনী কারচুপির অভিযোগে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করে রোববার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আমিনুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতে মামলা করেন ঢাকা–১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। আবেদনে তিনি ভোট পুনর্গণনার দাবি জানান।
গত ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১, কুড়িগ্রাম–২, রংপুর–৬ ও রংপুর–৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন বিএনপির কয়েকজন প্রার্থী।
ওই প্রার্থীরা হলেন—কুড়িগ্রাম–২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর–৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর–৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী–১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার বিধান অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য উচ্চ আদালতে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।