বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

বিয়ের প্রলোভনে টাকা আত্মসাৎ: জামিন বাতিল, কারাগারে সংগীতশিল্পী নোবেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৪:০৪

ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জামিনের শর্ত অনুযায়ী ভুক্তভোগীর সঙ্গে আপোষ করার কথা থাকলেও নোবেল তা ভঙ্গ করেন। বিয়ের প্রতিশ্রুতি দিলেও জামিনে মুক্তি পাওয়ার পর সেটি বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি। এ অবস্থায় জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন দেন, যার মেয়াদ ছিল ২ এপ্রিল পর্যন্ত।

মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন।

পরবর্তীতে ওই অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ আগস্ট মামলা দায়ের হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন।

তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন জমা দেন। এতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

উল্লেখ্য, মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় দায়ের করা একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিন পান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top