জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
রবিবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেন। আগামী ১৩ মে অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
অভিযোগপত্রে শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজীবসহ আরও অনেকে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় একই বছরের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন আহত আশিক মোহাম্মদ। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও প্রায় ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।