ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে সহায়তা আরও সহজ করতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এই আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন চ্যাটের মধ্যেই বিভিন্ন ধরনের ফাইল তৈরি করে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
এতদিন জেমিনিতে লেখা বা তথ্য তৈরি করা গেলেও তা ব্যবহারযোগ্য ফাইলে রূপ দিতে আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হতো। অনেক সময় তৈরি করা কনটেন্ট কপি করে ডকুমেন্ট বা স্প্রেডশিট অ্যাপে নিয়ে গিয়ে সম্পাদনা ও সংরক্ষণ করতে হতো। নতুন সুবিধায় সেই বাড়তি ধাপ আর লাগবে না।
গুগলের তথ্য অনুযায়ী, এখন একটি নির্দেশনা দিলেই জেমিনি স্বয়ংক্রিয়ভাবে পূর্ণাঙ্গ ফাইল তৈরি করবে। এর মাধ্যমে পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল স্প্রেডশিটসহ বিভিন্ন ফাইল পাওয়া যাবে। পাশাপাশি গুগল ডকস, শিটস ও স্লাইডসও তৈরি করা যাবে।
এ ছাড়া সিএসভি, টেক্সট, আরটিএফ, মার্কডাউন ও ল্যাটেক্স ফাইল তৈরির সুবিধাও যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা চ্যাটেই প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিয়ে এসব ফাইল তৈরি করতে পারবেন।
নতুন এই সুবিধা ব্যবহারের প্রক্রিয়া সহজ বলে জানিয়েছে গুগল। চ্যাট চলাকালীন নির্দেশনা বিশ্লেষণ করে জেমিনি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় ফাইল তৈরি করবে, যা পরে সরাসরি ডাউনলোড করা বা ড্রাইভে সংরক্ষণ করা যাবে।
তবে প্রাথমিকভাবে উপস্থাপনা তৈরির জন্য সরাসরি পিপিটি ফাইল এক্সপোর্টের সুবিধা নেই। এজন্য গুগল স্লাইডসে তৈরি করে পরে পিপিটি ফাইল হিসেবে ডাউনলোড করতে হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।