আলোচিত তনু হত্যা মামলায় রিমান্ড শেষে হাফিজুরকে কারাগারে প্রেরণ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৪৯
বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার দুপুরে কুমিল্লার প্রধান বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, রিমান্ডে আসামিকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। এছাড়া তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তদন্ত সংস্থার একটি দল। প্রায় এক দশক পর এ মামলায় এটি প্রথম গ্রেপ্তার, যা নতুন করে আলোচনায় এনেছে তনু হত্যাকাণ্ডকে।
তদন্ত সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার জন্য আদালতের অনুমতি চান। আদালতের নির্দেশনার পর তদন্তে গতি আসে এবং পরে গ্রেপ্তার অভিযান চালানো হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। অন্তত ৮০টির বেশি ধার্য তারিখ পার হলেও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে দীর্ঘদিন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।