গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশের এমডি সাফিকুর রহমান ও স্ত্রীসহ গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৯
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী। তিনি জানান, ড. মো. সাফিকুর রহমান বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ড. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং তাদের বাসায় কর্মরত আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনিক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
ড. মো. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।