বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের লাশ বাড়ি ফিরলেও, নিখোঁজ রয়েছে বাবা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:২৬

সংগৃহীত

ঈদের আনন্দের মুহূর্তে বরিশালের মেহেন্দীগঞ্জে এক পরিবার শোকে ডুবে গেছে। ঢাকার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত হয়েছেন যুবক সোহেল ফকির। দুর্ঘটনায় তার বাবা মিরাজ ফকির নিখোঁজ, আর অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার গুরুতর আহত অবস্থায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে সদরঘাটে ঘটনার পর মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুরা ইউনিয়নের চরখাককাটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সোহেলের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের আহাজারি ও শোক পুরো পরিবেশ ভারাক্রান্ত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উদযাপনের জন্য গ্রামের বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা ছিল সোহেলের। জোহরের নামাজের পর বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের চাচা ফারুক ফকির জানান, মিরাজ ফকির ২০ বছর আগে ঢাকায় পাড়ি জমান এবং ট্যানারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় পাঁচ বছর আগে তিনি একমাত্র ছেলে সোহেলকে সঙ্গে নিয়ে আসেন। সোহেলও একই পেশায় যুক্ত হন এবং দুই বছর আগে বিবাহিত হন।

ঈদের বোনাস পাওয়ার পর সোহেল তার বাবা ও স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে ট্রলারে করে সদরঘাটে পৌঁছান, সেখানে ‘আসা-যাওয়া’ নামের লঞ্চে ওঠার সময় ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। এতে সোহেল ঘটনাস্থলেই নিহত হন, তার বাবা নদীতে পড়ে নিখোঁজ হন এবং স্ত্রী গুরুতর আহত হন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top