নারীঘটিত বিরোধে টিকটকার রাকিবকে হত্যা করা হয়েছে: রমনা পুলিশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:২৪
রাজধানীর শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবুল ইসলাম রাকিব হত্যাকাণ্ডের পেছনে নারীসংক্রান্ত বিরোধ কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ-এর রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বৃহস্পতিবার (১৯ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযানে নেতৃত্ব দেয় তার সহযোগী কুখ্যাত ‘বি কোম্পানি’র সদস্য সালাউদ্দিন ওরফে সাগর।
তদন্তে জানা গেছে, ঘটনার কয়েকদিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান নেয় এবং পরিকল্পনা করে। পরে তারা রাকিবের চলাফেরা পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে হত্যাকাণ্ড ঘটায়।
এ ঘটনায় সরাসরি অংশ নেওয়া সিহাব, রাফিন, জয় ও সাগর ফকিরকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারীদের একজন সালাউদ্দিনকেও আটক করা হয়।
পুলিশ জানায়, ব্যক্তিগত সম্পর্ক ও নারীসংক্রান্ত জটিলতা থেকেই এই হত্যার সূত্রপাত। নিহত রাকিব এক বিবাহিত নারীকে বিয়ে করেছিলেন এবং আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও উঠে আসে, যা নিয়ে বিরোধ তৈরি হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।