শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে কাজ করছে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করে গণমাধ্যমকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পুরো দেশেই একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে উল্লেখ করে তিনি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল।
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন—এর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ওই আসন বাদে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।