বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, চাপে ভারতের বস্ত্র ও তুলা খাত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি ভারতের বস্ত্র ও তুলা শিল্পে নতুন প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করেছে। চুক্তির আওতায় বাংলাদেশি কিছু পোশাক পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চুক্তির আগে যুক্তরাষ্ট্রে ভারতের বস্ত্র রপ্তানির ওপর শুল্ক ছিল ৫০ শতাংশ, যা বর্তমানে কমে ১৮ শতাংশে নেমেছে। তবে বাংলাদেশি পোশাক শুল্ক ছাড়াই প্রবেশাধিকার পাওয়ায় মার্কিন বাজারে তারা মূল্যগত সুবিধা অর্জন করতে পারে। ফলে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই আসে বস্ত্র ও তৈরি পোশাক খাত থেকে। একই সঙ্গে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক এবং ভারতীয় তুলার সবচেয়ে বড় ক্রেতা। নতুন চুক্তিতে মার্কিন তুলা ব্যবহারের সুযোগ বাড়লে ভারতীয় তুলা ব্যবসায়ীরা চাপের মুখে পড়তে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, চুক্তির প্রভাব পড়তে শুরু করেছে ভারতের শেয়ারবাজারেও। দেশটির বস্ত্র ও সুতা উৎপাদনকারী একাধিক কোম্পানির শেয়ারের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিরোধী দল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী এ বিষয়ে মোদি সরকারের সমালোচনা করেছেন। কংগ্রেসের অভিযোগ, এই চুক্তির কারণে দেশীয় তুলাচাষি ও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন।
তবে যুক্তরাষ্ট্র-ভারত চূড়ান্ত বাণিজ্য চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। বিশেষজ্ঞদের মতে, ভারত সরকার শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত আলোচনার মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষায় কৌশলগত পদক্ষেপ নিতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।