ভোটের দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় প্রার্থী, তাদের এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে খাবার, উপঢৌকন কিংবা অন্য কোনো সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, ঘনিষ্ঠ আলাপ বা পক্ষপাতমূলক আচরণও করা যাবে না।
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না এবং ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। কোনো ভোটারকে নির্দিষ্ট প্রার্থী বা প্রতীকের পক্ষে কিংবা বিপক্ষে প্রভাবিত করাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা যাবে না। কোনো রাজনৈতিক দলের মিছিল, সমাবেশ বা কার্যালয়ে উপস্থিত থাকা এবং ব্যক্তিগত রাজনৈতিক মত প্রকাশ থেকেও বিরত থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। দায়িত্ব পালনের সময় রাজনৈতিক পোস্ট, শেয়ার বা মন্তব্য করা যাবে না। অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় যুক্ত হওয়াও নিষিদ্ধ।
এছাড়া নির্বাচন-সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ, সম্ভাব্য ফলাফল বা বিজয়ী নিয়ে পূর্বানুমানমূলক আলোচনা এবং অনুমতি ছাড়া স্পর্শকাতর ঘটনার ছবি বা ভিডিও আদান-প্রদান করা যাবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্বকালে অনৈতিক বা অসদাচরণ, গালিগালাজ, হুমকি প্রদান কিংবা অশোভন আচরণ থেকে বিরত থাকতে হবে। জনসমাগমস্থলে যত্রতত্র খাবার গ্রহণ, ফুটপাত বা টং দোকানে বসা, এমনকি বাদাম, চানাচুর, জিলাপিসহ বিভিন্ন মুখরোচক খাবার খাওয়াও নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি পেশাদার আচরণ ও শালীন পোশাক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।