এনডিটিভির খবর
ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৬
বাংলাদেশে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে। কেউ বলছেন তিনি সাংবিধানিক পদে থাকতে পারেন, আবার তার ঘনিষ্ঠরা বলছেন, রাজনীতিতে বা সাংবিধানিক কোনও পদে ফেরার আগ্রহ নেই তার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তার মেয়াদ শেষের পথে থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে— তিনি কি সাংবিধানিক কোনো পদে থেকে যাবেন? সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, মঙ্গলবার দায়িত্ব নিতে যাওয়া বিএনপি সরকারের সমর্থনে তিনি রাজনৈতিক কাঠামোর ভেতরে কোনও পদে থাকতে পারেন।
তবে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনডিটিভিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ড. ইউনূসসহ কারও জন্য নির্দিষ্ট কোনো পদ চূড়ান্ত করা হয়নি। তারেক রহমান নির্বাচিত হলে দেশের সেরা মেধাকে কাজে লাগিয়ে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন। হুমায়ুন কবির বলেন, “রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। দেশের স্বার্থে কারও বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হলে তাকে সঙ্গে নেয়া হতে পারে। তবে এখনও কোনও নির্দিষ্ট পদ নিয়ে আলোচনা হয়নি।”
অন্যদিকে, ব্রিটিশ মানবাধিকার কর্মী ও সাংবাদিক ডেভিড বার্গম্যান মনে করেন, আন্তর্জাতিক মর্যাদা ও শক্ত অবস্থানের কারণে ড. ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ উপকৃত হতে পারে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগী এক প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন এক রাষ্ট্রপতির সমন্বয় দেশের জন্য কার্যকর হতে পারে।”
তবে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ড. ইউনূস অন্য কোনও দায়িত্ব নিতে চান না। তিনি আগের কাজে ফিরে যেতে ও ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ) ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান। এছাড়া নতুন সামাজিক ব্যবসা উদ্যোগ গড়ে তোলা এবং তরুণদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।
ড. ইউনূস নিজে এখনও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি এ বিষয়ে খোলামেলা কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।