রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

বঙ্গভবনের বাইরে দক্ষিণ প্লাজায় নতুন সংসদ ও মন্ত্রিসভার শপথের সিদ্ধান্তের কারণ জানালেন আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১২

সংগৃহীত

রীতি ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণ জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, বিএনপির বিশেষ ইচ্ছা ও অভিপ্রায়ের প্রেক্ষিতেই এই আয়োজন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে, যা সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার পরিচালনা করবেন। এরপর বিকাল ৪টায় দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এটি রাষ্ট্রপতির মাধ্যমে সম্পন্ন হবে।

শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের বিষয়ে উপদেষ্টা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ প্লাজাকে শপথের স্থান হিসেবে বেছে নেওয়ার পেছনে ঐতিহাসিক ও আবেগীয় তাৎপর্য রয়েছে। তিনি উল্লেখ করেন, এই প্রাঙ্গণটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের অনেক আত্মত্যাগের সাক্ষী। এছাড়া এখানে জুলাই সনদের অনুষ্ঠানসহ নানা ঐতিহাসিক ঘটনা এবং বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির জানাজার স্মৃতি জড়িয়ে আছে।

উপদেষ্টা আরও বলেন, বর্তমান সংসদটি অন্য যেকোনো সময়ের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার পর তারা তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করবেন। একটি উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top