রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

বিএনপির নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদি আসছেন না

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩১

সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এ উপলক্ষে সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকার একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের ব্যস্ততার কারণে তিনি ঢাকায় আসতে পারছেন না। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

যদিও মোদি উপস্থিত থাকতে পারছেন না, তবুও ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব থাকবে। সম্ভাবনা রয়েছে যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে তিনি ঢাকা সফর করেছিলেন।

এদিকে শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত থাকতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বিএনপির বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। সে সময় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেন।

কূটনৈতিক সূত্র জানায়, চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের শপথগ্রহণকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা ইতোমধ্যেই জোরদার হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top