সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫২

সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়লাভের ফলে দেশের শাসনব্যবস্থায় আসছে ব্যাপক পরিবর্তন। নতুন কাঠামো অনুযায়ী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন করা হবে।

নতুন ব্যবস্থায় বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, যিনি মতিউর রহমান নিজামী-র ছেলে।

একই পদে আলোচনায় আছেন ব্যারিস্টার আহমদ বিনকাসেম আরমান, তিনি মীর কাসেম আলী-র ছেলে। তবে রাজনৈতিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনাই বেশি।

এদিকে ১১ দলীয় জোটের শরিকদের মধ্য থেকে বিরোধীদলের হুইপ হিসেবে আলোচনায় আছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তবে সংসদের এসব পদ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম। তিনি বলেন, ১১ দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিক দলগুলোর জন্যও ছাড় দিতে হতে পারে।

নতুনভাবে নির্বাচিত সংসদকে দুই ধরনের দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহণের পর প্রথম ১৮০ দিন সংসদ-সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এরপর তারা নিয়মিত আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জুলাই সনদ অনুযায়ী নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনসহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা নবগঠন করা হবে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে, যাতে অর্থবিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য সব বিলে সংসদ-সদস্যরা দলীয় অবস্থানের বিপক্ষে ভোট দিতে পারেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top