স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কৃতিত্ব সবার: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১২
অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কৃতিত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এর আওতাধীন আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো. দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুর রহমান, যুগ্মসচিব তৌহিদুল ইসলাম এবং উপসচিব নীলিমা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব (প্রশাসন, অর্থ ও পুলিশ) মো. আতাউর রহমান খান।
প্রধান অতিথি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন। তিনি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি আরও বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারায় তিনি আনন্দিত। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সবচেয়ে বেশি উল্লেখ করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী বক্তব্যে তিনি বলেন, জীবনের ‘চতুর্থ কোয়ার্টার’-এ রয়েছেন তিনি। অবশিষ্ট সময় পরিবার-পরিজনের সঙ্গে শান্তিতে কাটাতে সবার দোয়া কামনা করেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকেও ধন্যবাদ জানান। গত দেড় বছরে বিভিন্ন কার্যক্রমে মিডিয়ার সহযোগিতা ও সমালোচনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভার পাশাপাশি গণমাধ্যম জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও গণমাধ্যমের এই ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।