আবার একসঙ্গে ঋতুপর্ণা–রোহিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১৩

সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দায় অন্যরকম এক আবহ। চরিত্রের গভীরে ঢুকে অভিনয় করার দক্ষতায় তিনি বারবার মুগ্ধ করেছেন দর্শকদের। এবার সেই ম্যাজিকেই নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন বলিউডের পরিচিত মুখ রোহিত রায়। দীর্ঘ বিরতির পর আবারও রুপালি পর্দায় জুটি বাঁধছেন তারা। ছবির নাম ‘জয়িতা’।

মানবিক মূল্যবোধ, একাকীত্ব এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। বর্তমানে কলকাতায় পুরোদমে চলছে শুটিং। নামভূমিকায় ‘জয়িতা’ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অন্যদিকে তার বিপরীতে ‘শুভেন্দু’ চরিত্রে অভিনয় করছেন রোহিত রায়।

ছবির গল্প আবর্তিত হয়েছে শুভেন্দুর একাকীত্বকে ঘিরে। জীবনের নানা সমস্যায় জর্জরিত ও নিঃসঙ্গ শুভেন্দুর দেখাশোনার দায়িত্ব পান জয়িতা। সেবা করতে গিয়েই জয়িতা উপলব্ধি করেন, শুভেন্দুর আসল সমস্যা কোনো শারীরিক অসুস্থতা নয়—বরং গভীর মানসিক একাকীত্ব। সেই একাকীত্ব কাটিয়ে কীভাবে জয়িতা শুভেন্দুর জীবনে পরিবর্তন আনেন, তা নিয়েই এগোবে সিনেমার কাহিনি।

সহকর্মী রোহিত রায় প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। এর আগেও আমরা তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছি। ও যেমন ভালো অভিনেতা, মানুষ হিসেবেও চমৎকার। এই ছবির শুভেন্দু চরিত্রটি ওর জন্য একদম মানানসই।’

কলকাতায় শুটিং করতে পেরে উচ্ছ্বসিত রোহিত রায়ও। তিনি জানান, তিলোত্তমার প্রতি তার আলাদা টান রয়েছে। এখানে কাজ করার অনুভূতি সবসময়ই বিশেষ। তাই সুযোগ পেলেই কলকাতায় শুটিং করতে মুখিয়ে থাকেন তিনি।

উল্লেখ্য, ছবিটি পরিচালনা করছেন জিৎ দত্ত। এর আগে ‘পটাদার কীর্তি’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন তিনি। সেই ছবিটি প্রযোজনা করেছিল ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’। এবার জিতের পরিচালনায় ‘জয়িতা’ ছবির উপস্থাপক হিসেবেও থাকছেন স্বয়ং ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top