বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর জন্মদিন আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯

শ্রেষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।  ছবি: সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ (২৬ ফেব্রুয়ারি)। ১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

নূর মোহাম্মদ শেখের পিতা মোহাম্মদ আমানত শেখ এবং মাতা জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম)। শৈশবেই বাবা-মাকে হারানো নূর মোহাম্মদ পড়াশোনা করেন সপ্তম শ্রেণি পর্যন্ত।

১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগ দেন, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে পরিচিত। চাকরিকালীন দীর্ঘ সময় দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালনের পর ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন। পরবর্তীতে তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি লাভ করেন।

মহান মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখ যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। পরে যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী উপলক্ষে নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে নূর মোহাম্মদ নগরে আজ সকালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top