বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৬

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তার পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে।

এর আগের দিনই নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। নতুন আইজিপি নিয়োগের একদিন পরই ডিএমপি কমিশনারের পদত্যাগের বিষয়টি সামনে এলো, যা প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিকভাবে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, যোগদানের তারিখ থেকে তার মেয়াদ দুই বছর গণনা করা হবে। সে অনুযায়ী তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক পুনর্বিন্যাস চলছে। এরই মধ্যে ডিএমপি কমিশনার পদে পরিবর্তনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। এখন তার পদত্যাগের পর মহানগর পুলিশের নেতৃত্বে নতুন নিয়োগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top