বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র ও অপপ্রয়াস হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একে জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে সেনাবাহিনীর ভূমিকা গৌরবোজ্জ্বল। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করার একটি সুপরিকল্পিত অপপ্রয়াস।

ঘটনাপরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি বলেন, ওই ট্র্যাজেডি জাতীয় নিরাপত্তা কাঠামোর বিভিন্ন দুর্বলতা সামনে নিয়ে আসে। তাই বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শহীদ সেনা পরিবারগুলোর দীর্ঘ ১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে জানান তিনি।

বক্তব্যে সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথা স্মরণ করেন তিনি। ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীতে সীমান্ত বাহিনীকে আধুনিক ও ব্যাটালিয়ন কাঠামোয় পুনর্গঠনের দূরদর্শী পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের স্বার্থে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করা হবে এবং সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এসময় তিনি পিলখানায় নিহত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের পরিবারের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও স্থায়ী পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top