প্রথম বিদেশ সফরে সৌদিতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮
দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি ঢাকাকে ছাড়েন। এই সফরের মূল উদ্দেশ্য হলো ওআইসি-র এক বিশেষ বৈঠকে অংশ নেওয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী বরাবর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইসরাইলি কর্তৃপক্ষের সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে বসতি সম্প্রসারণ, সংযুক্তকরণ এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হবে।
ওআইসি জানিয়েছে, জরুরি বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় করা হবে এবং ইসরাইলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। সম্প্রতি ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের জমি ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপকে ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থান পরিবর্তনের বড় প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে প্রভাবিত করছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।