শুরু হলো অগ্নিঝরা মার্চ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ০৯:৫৬
অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসে এই মাস এক অনন্য অধ্যায়। ১৯৭১ সালের এই মাসে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করে বহুদিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং আত্মমর্যাদার অধিকার।
১৯৭১ সালের মার্চেই ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতা। এ বছর জাতি উদ্যাপন করবে মহান স্বাধীনতার ৫৫ বছর পূর্তি। মাসের শুরু থেকেই দেশজুড়ে আয়োজন করা হবে আলোচনা সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে মুখর থাকবে গোটা দেশ।
২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত গণহত্যা শুরু করে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে স্তব্ধ করে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। সেদিন ঢাকার রাস্তায় নেমে নির্বিচারে হত্যা করা হয় অসংখ্য নিরস্ত্র মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র-শিক্ষকসহ বহু নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়।
১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই পূর্ব বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানের বৈষম্য ও বঞ্চনার শিকার হতে থাকে। সেই অন্যায়ের প্রতিবাদে গড়ে ওঠে একের পর এক আন্দোলন—১৯৫২ সালের ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। প্রতিটি আন্দোলনই ছিল বাঙালি জাতিসত্তার আত্মপ্রকাশের গুরুত্বপূর্ণ মাইলফলক।
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পর স্বাধিকার আন্দোলন আরও বেগবান হয়। অবশেষে অগ্নিঝরা মার্চেই স্পষ্ট হয়ে ওঠে স্বাধীনতার অবধারিত পথরেখা, যার পরিণতিতে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ এবং অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।