শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর।

শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে অবস্থিত শাহ সুলতান বলখী মাজার প্রাঙ্গণে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ১০ মার্চ বগুড়ায় আসবেন বলে জানা গেছে।

পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি করা হয়েছে।

জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন।

প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যোগ্য বিবেচিত সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস এই কার্যক্রম চলবে। পরে ধাপে ধাপে তা দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top