শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের মব কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান আইজিপির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫২

সংগৃহীত

রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, মব কালচারের সমাধান করা সম্ভব, তবে এর জন্য সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, একটি চক্র ইচ্ছাকৃতভাবে মব পরিস্থিতি থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এসব অপরাধী গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের ভেতরে থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে দেশে বিনিয়োগ আসবে না। যাদের কোনো অভিযোগ আছে, তারা যেন আইনসম্মত উপায়ে তা উত্থাপন করেন এবং প্রয়োজনে আলোচনার টেবিলে বসেন। তিনি তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের মব কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

আসন্ন ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যাতে কেউ ছিনতাইকারীর কবলে না পড়েন, ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে কেনাকাটা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন—সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।

সবাইকে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বসবাসের নিশ্চয়তা দিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আইজিপি জানান, এখন থেকে মাঝেমধ্যে রাতের বেলায় তিনিও সরাসরি মাঠে উপস্থিত থাকবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top